পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১০৫টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪৫ হাজার ১৫৮ জন বাংলাদেশি হাজি। এদিকে, হজ চলাকালে সৌদি আরবে ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্প ডেস্ক প্রকাশিত সর্বশেষ দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৫১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪১ হাজার ৬৪৭ জন রয়েছেন।
ফিরতি যাত্রী পরিবহনে সবচেয়ে বেশি হাজি বহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। সংস্থাটি ১৭ হাজার ৭৫৮ জন হাজিকে দেশে ফিরিয়েছে। এছাড়া সৌদি এয়ারলাইনস ১৭ হাজার ৩৪৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজি পরিবহন করেছে।
এ পর্যন্ত পরিচালিত ১০৫টি ফিরতি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৪৩টি, সৌদি এয়ারলাইনস ৪৩টি এবং ফ্লাইনাস ১৯টি ফ্লাইট পরিচালনা করেছে।
অন্যদিকে, সৌদি আরবে এখন পর্যন্ত ৪৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১৬ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৩ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেছেন।
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ৪০১ জন হাজি চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। বর্তমানে দেশটির বিভিন্ন হাসপাতালে ১১ জন বাংলাদেশি হাজি চিকিৎসাধীন রয়েছেন।
হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে অবশিষ্ট হাজিরাও দেশে ফিরবেন।