আনোয়ার ইব্রাহিমের ভিডিওতে ‘মহাজাদু’, নিজের গান শুনে বিস্মিত হাবিব ওয়াহিদ

বিনোদন ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরভিত্তিক একটি ভিডিওতে ব্যবহৃত হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের গাওয়া বহুল আলোচিত গান ‘মহাজাদু’। কূটনৈতিক গুরুত্বসম্পন্ন এ ভিডিওতে নিজের গান ব্যবহারের বিষয়টি আগে থেকে না জানলেও ভিডিওটি দেখে আনন্দ ও বিস্ময় প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী।

মঙ্গলবার (২৩ জুন) প্রকাশিত ভিডিওটিতে তারেক রহমানের মালয়েশিয়া সফরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হয়। ভিডিওটির আবহসংগীত হিসেবে ব্যবহার করা হয়েছে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘মহাজাদু’, যা শ্রোতাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে হাবিব ওয়াহিদ বলেন, সকালে ঘুম থেকে উঠে পরিচিতজনদের পাঠানো কয়েকটি লিংক দেখতে পান। কৌতূহলবশত ভিডিওটি চালিয়ে দেখার পর সেখানে নিজের গান শুনে তিনি বেশ অবাক হন।

হাবিবের মতে, একটি রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক গুরুত্বসম্পন্ন সফরের ভিডিওতে তার গান স্থান পাওয়াটা নিঃসন্দেহে সম্মানের বিষয়। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক ও কূটনৈতিক সম্পৃক্ততার সঙ্গে যুক্ত এমন একটি ভিডিওতে নিজের সৃষ্টিকর্ম ব্যবহৃত হওয়া একজন শিল্পী হিসেবে তাকে অনুপ্রাণিত করেছে।

তবে গান ব্যবহারের আগে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি বলেও জানান এই সংগীতশিল্পী। তিনি বলেন, বিষয়টি নিয়ে কেউ তার সঙ্গে আলোচনা করেননি। ফলে ভিডিওটি দেখার পর পুরো ঘটনাই তার কাছে ছিল অপ্রত্যাশিত।

কেন ‘মহাজাদু’ গানটি বেছে নেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো ধারণা নেই হাবিবের। তবে তার বিশ্বাস, গানটির আবেদন ও জনপ্রিয়তার কারণেই এটি নির্বাচন করা হয়ে থাকতে পারে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিলেও হাবিব জানান, তিনি নিজে ফেসবুকে খুব বেশি সক্রিয় নন। মোবাইলে ফেসবুক ব্যবহার না করার কারণে মানুষের প্রতিক্রিয়াগুলো সরাসরি দেখা হয়নি, তবে পরিচিতজনদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়ার খবর পাচ্ছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার ব্যক্তিগতভাবে কখনো সাক্ষাৎ বা যোগাযোগ হয়নি বলেও উল্লেখ করেন হাবিব। তাই এমন একটি ভিডিওতে নিজের গান ব্যবহৃত হওয়াকে তিনি আরও বেশি চমকপ্রদ বলে মনে করছেন।

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে হাবিব জানান, তিনি নতুন গান নিয়ে কাজ করছেন। সম্প্রতি প্রকাশিত তার নতুন গান ‘প্রেমের কলঙ্ক’ শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে। নতুন সঙ্গীতচর্চা নিয়েই এখন সময় কাটছে তার।