চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (WEF) বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে শুরু হওয়া এই বৈশ্বিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও ব্যবসায়ীরা অংশ নিচ্ছেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সম্মেলনে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করছেন এবং বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ বা ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’। সম্মেলনে সভাপতিত্ব করছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সম্মেলনে অংশগ্রহণ। সফরকে ঘিরে আন্তর্জাতিক বিনিয়োগকারী ও নীতিনির্ধারকদের মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে জানা গেছে।
এর আগে মঙ্গলবার দালিয়ানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন WEF প্রেসিডেন্ট আলোইস জভিংগি। বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, এবং টেকসই উন্নয়ন নিয়ে আলোচনা হয়।
প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ ইতোমধ্যে সৌরবিদ্যুৎ খাতে কর-সুবিধা দিয়েছে এবং ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করেছে।
জবাবে WEF প্রধান বলেন, বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও উন্নয়ন উদ্যোগ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে এবং এটি বৈশ্বিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে পারে।
তিনি বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং ভবিষ্যতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিতব্য পরবর্তী WEF সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।