নিজস্ব প্রতিবেদক: আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষাকে সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত রাখতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, নকলের ধরন বদলেছে, তাই সময়োপযোগী করে সংশোধন করা হয়েছে পরীক্ষা-সংক্রান্ত আইন। পরীক্ষার হলে কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে নকলের ঘটনা ঘটলে প্রতিষ্ঠান প্রধান বা কেন্দ্র সচিবও দায় এড়াতে পারবেন না।
বুধবার (২৪ জুন) রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ-এ আয়োজিত কেন্দ্র সচিবদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। সভায় ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত নকলের কৌশল অতীতের তুলনায় অনেক বেশি প্রযুক্তিনির্ভর ও জটিল। এ কারণে সংসদে বিদ্যমান পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। তিনি স্পষ্ট করে জানান, প্রশ্নফাঁস কিংবা নকলের বিষয়ে সরকারের ‘শূন্য সহনশীলতা’ নীতি অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, পরীক্ষার পরিবেশ রক্ষায় কেন্দ্র সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন হামিদুর রহমান, আক্তারুজ্জামান এবং এস এম কামাল উদ্দিন হায়দার।
আসন্ন এইচএসসি পরীক্ষা ঘিরে শিক্ষা মন্ত্রণালয়ের এই কঠোর বার্তাকে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।