জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী, নেতৃত্ব দেবেন বাংলাদেশ প্রতিনিধিদলকে

নিজস্ব প্রতিবেদক:

পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন (ইউএন-কপস)-এ অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দিনব্যাপী আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

রোববার (৫ জুলাই) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অধিবেশনসহ একাধিক প্লেনারি সেশনে অংশ নেবেন তিনি।

এবারের সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এগুলো হলো—জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, শান্তিরক্ষা কার্যক্রমে উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা।

সম্মেলনের আনুষ্ঠানিক অধিবেশনের পাশাপাশি আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজ ও বিভিন্ন সাইডলাইন কর্মসূচিতেও অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিউইয়র্ক সফরে তিনি জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল অ্যান্ড পিসবিল্ডিং অ্যাফেয়ার্স বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এ ছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকের সূচি রয়েছে।

এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, ভবিষ্যৎ শান্তিরক্ষা কার্যক্রমের অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

আগামী ১২ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।