নিজস্ব প্রতিবেদক:
দেশের সড়ক পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও প্রযুক্তিনির্ভর করতে আগামী ১ আগস্ট থেকে সব ধরনের গণপরিবহনে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন এই নির্দেশনা কার্যকর হওয়ার পর জিপিএস ছাড়া কোনো গণপরিবহন নতুন রেজিস্ট্রেশন বা ফিটনেস সনদ নবায়নের সুযোগ পাবে না।
মঙ্গলবার (২৮ জুলাই) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, নিরাপদ সড়ক পরিবহন নিশ্চিত করা এবং গণপরিবহন ব্যবস্থায় আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১১ জুন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সেই প্রজ্ঞাপনের আলোকে ১ আগস্ট থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন রেজিস্ট্রেশন অথবা ফিটনেস সনদ নবায়নের সময় সংশ্লিষ্ট যানবাহনে জিপিএস ডিভাইস সংযুক্ত থাকার প্রমাণপত্র বিআরটিএ কার্যালয়ে জমা দিতে হবে। পাশাপাশি মোবাইল অ্যাপের মাধ্যমে ডিভাইসটি সচল রয়েছে—এটিও প্রদর্শন করতে হবে।
জিপিএস ডিভাইসের নির্ধারিত কারিগরি মান (স্পেসিফিকেশন) বিআরটিএর স্থানীয় কার্যালয় কিংবা সংস্থাটির ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ২৫ এবং সড়ক পরিবহন বিধিমালা, ২০২২-এর বিধি ৫৫ অনুযায়ী, গণপরিবহনে জিপিএস সংযুক্ত ও কার্যকর রয়েছে—এটি নিশ্চিত হওয়ার পরই নতুন রেজিস্ট্রেশন প্রদান এবং ফিটনেস সনদ নবায়ন করা হবে।
নতুন নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং বিধানটি যথাযথভাবে অনুসরণ করতে সব পরিবহন মালিক, অপারেটর ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছে বিআরটিএ।