প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি দাবি করেন, জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের দুর্বলতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে সরকার পরিচালনায় ব্যর্থতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে।
রোববার (২ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত ‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, দেশে গণতন্ত্রের পরিবর্তে আবারও কর্তৃত্ববাদী রাজনৈতিক সংস্কৃতি ফিরে আসছে। তার ভাষ্য, গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের প্রত্যাশা তৈরি হয়েছিল, বর্তমান পরিস্থিতি সেই প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি অভিযোগ করেন, দেশে দলীয় প্রভাব ও সন্ত্রাসের রাজনীতি বেড়েছে। এনসিপি কোনো ধরনের সহিংসতা বা রাজনৈতিক দমন-পীড়নের সঙ্গে আপস করবে না বলেও জানান তিনি।
জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে সরকারকে প্রতিশ্রুতি রক্ষা করতেই হবে। প্রয়োজন হলে এ দাবিতে রাজপথে কর্মসূচি দেওয়া হবে এবং গণআন্দোলনের মাধ্যমেই দাবি আদায় করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
রাষ্ট্রপতি নিয়োগের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, রাষ্ট্রপতির পদ দলীয় বিবেচনার ঊর্ধ্বে থাকা উচিত। ভবিষ্যতে রাষ্ট্রপতি নির্বাচনকে আরও অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ ও নির্বাচন ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলে নাসীরুদ্দীন পাটোয়ারী অভিযোগ করেন, ভবিষ্যৎ নির্বাচনকে প্রভাবিত করার আশঙ্কা তৈরি হয়েছে। এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনআস্থা ক্ষুণ্ন করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) এবং বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ অন্যান্য রাজনৈতিক নেতারা।