আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’, অনলাইন স্লট বুকিং ছাড়া মিলবে না প্রবেশ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে রাজনৈতিক পটপরিবর্তনের সূচনা হয়। পরে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে গণভবনে জুলাই আন্দোলনের নানা স্মৃতিচিহ্ন সংরক্ষণ করে এই জাদুঘর গড়ে তোলা হয়।

জাদুঘরটি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক সংগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ দলিল, আলোকচিত্র ও স্মারক সংরক্ষণের উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। নতুন প্রজন্মকে আন্দোলনের প্রেক্ষাপট ও ইতিহাসের সঙ্গে পরিচিত করাই এর অন্যতম লক্ষ্য।

দর্শনার্থীদের নিরাপদ ও সুশৃঙ্খল প্রবেশ নিশ্চিত করতে চালু করা হয়েছে সময়ভিত্তিক অনলাইন স্লট বুকিং ব্যবস্থা। নির্ধারিত সময় অনুযায়ী বুকিং সম্পন্ন করেই জাদুঘরে প্রবেশ করতে হবে।

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কোনো দিনের নির্ধারিত সব স্লট পূর্ণ হয়ে গেলে দর্শনার্থীদের পরবর্তী দিনের খালি থাকা সময় নির্বাচন করতে হবে।

অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন অভিজ্ঞতা নিশ্চিত করতেই এই ডিজিটাল টিকিট ও সময়ভিত্তিক প্রবেশব্যবস্থা চালু করা হয়েছে।