ঢাকা: দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুত, আধুনিক ও সময়সাশ্রয়ী করতে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত বিদ্যমান মিটারগেজ রেললাইন পর্যায়ক্রমে ব্রডগেজে রূপান্তরের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে অনুষ্ঠিত রেল ব্যবস্থাপনা ও ভবিষ্যৎ পরিকল্পনাবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপুল জানান, দেশের রেল অবকাঠামোকে যুগোপযোগী করতে মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি নানা পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো উত্তরাঞ্চলের পঞ্চগড় থেকে দক্ষিণের কক্সবাজার পর্যন্ত রেলপথকে ধাপে ধাপে ব্রডগেজ নেটওয়ার্কের আওতায় আনা।
তিনি আরও বলেন, রেল চলাচলকে আরও নিরাপদ ও কার্যকর করতে আধুনিক সিগনালিং ব্যবস্থা স্থাপন, পরিচালনাগত দক্ষতা বৃদ্ধি এবং যাত্রীসেবার মান উন্নয়নের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে এসব প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য অর্থায়ন কাঠামো ও বিনিয়োগ কৌশল নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন রেল ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার, রেল বিভাগের সচিব ফাহিমুল ইসলাম এবং আফজাল হোসেন।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে রেল যোগাযোগ আরও গতিশীল হবে, যাত্রার সময় কমবে এবং জাতীয় অর্থনীতির সঙ্গে আঞ্চলিক সংযোগও আরও শক্তিশালী হবে।