বিনোদন ডেস্ক: ঢাকার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিনের সাইবার বুলিং, ট্রল ও সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিজ্ঞতা নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন। সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে তিনি জানান, প্রায় ১৬ বছর ধরে অনলাইনে বিভিন্ন ধরনের মানসিক হয়রানির মুখোমুখি হচ্ছেন তিনি।
লাইভে প্রভা বলেন, দীর্ঘ সময় ধরে নানা বিষয় নিয়ে নীরব থাকলেও এখন নিজের দায়িত্ববোধ থেকেই কথা বলার প্রয়োজন অনুভব করছেন। তার মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা অন্যকে অপমান, হেয়প্রতিপন্ন বা আক্রমণ করেন, তাদের অনেকেই ব্যক্তিগত জীবনের হতাশা ও মানসিক অস্থিরতা থেকে এমন আচরণ করে থাকেন।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে অভিনেত্রী বলেন, বছরের পর বছর ধরে তাকে নিয়ে ট্রল ও বিদ্রূপ করা হয়েছে। তবে তিনি মনে করেন, ভুক্তভোগীকে নিয়ে উপহাস করার পরিবর্তে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করা হলে সমাজে এমন অপরাধ অনেকটাই কমে আসত।
প্রভা অভিযোগ করেন, আমাদের সমাজে ‘ভিকটিম ব্লেমিং’ বা ভুক্তভোগীকেই দায়ী করার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। কোনো ব্যক্তির ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করা বা অনুমতি ছাড়া ব্যক্তিগত তথ্য প্রকাশ করা অপরাধ হলেও অনেক ক্ষেত্রে অপরাধীদের বদলে ভুক্তভোগীদেরই সমালোচনার মুখে পড়তে হয়।
তিনি বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর প্রকৃত দায়ীদের জবাবদিহির আওতায় আনার চেয়ে অনেক সময় সমাজ ভুক্তভোগীদেরই কাঠগড়ায় দাঁড় করায়। এই প্রবণতা বন্ধ না হলে সাইবার হয়রানি ও সামাজিক সহিংসতার সংস্কৃতি আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ভিডিও বার্তায় অভিনেত্রী মানসিক স্বাস্থ্য সচেতনতার গুরুত্বও তুলে ধরেন। বিশেষ করে শৈশবের মানসিক আঘাত, পারিবারিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ গঠনের বিষয়গুলো নিয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।
একই সঙ্গে সাইবার বুলিং, অনলাইন হয়রানি এবং ভিকটিম ব্লেমিংয়ের বিরুদ্ধে সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর জোর দেন প্রভা।