নিজস্ব প্রতিবেদক: জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দেশব্যাপী নয় দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। আলোচনা সভা, স্মরণসভা, দোয়া মাহফিল, চিত্রপ্রদর্শনী, পথনাটক, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং ছাত্র সমাবেশসহ নানা আয়োজনের মাধ্যমে কর্মসূচি পালন করবে সংগঠনটি।
বৃহস্পতিবার (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে ‘গণ-অভ্যুত্থানের বাঁকবদলের দিন’ শীর্ষক আলোচনা সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হবে।
বিজ্ঞপ্তিতে ছাত্রদল দাবি করেছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে সংগঠনটির নেতা-কর্মীরা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। সেই আন্দোলনের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিভিন্ন অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের বার্তা তুলে ধরতেই এবারের কর্মসূচি নেওয়া হয়েছে।
১৬ জুলাই চট্টগ্রাম ও রংপুর বিভাগে বিভাগীয় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে সংশ্লিষ্ট বিভাগের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মীরা অংশ নেবেন। একই দিনে চট্টগ্রাম ও রংপুর ছাড়া দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণসভা আয়োজন করা হবে।
১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ উপলক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল বিশেষ কর্মসূচি পালন করবে। এরপর ২০ জুলাই ‘গণ-অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক স্মরণসভার আয়োজন করা হবে।
২১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘প্রতীকী জুলাই’ শিরোনামে লাইভ পারফরম্যান্স অনুষ্ঠিত হবে। একই দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিগত ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী, কবিতা উৎসব ও পথনাটকেরও আয়োজন করা হয়েছে।
২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এছাড়া ২৪ ও ২৫ জুলাই ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
ঘোষিত কর্মসূচির সমাপ্তি হবে আগামী ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ছাত্র সমাবেশের মাধ্যমে। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত থাকবেন।