নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলামোটর ট্রাফিক সিগন্যাল এলাকায় এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হলে রমনা থানায় নিয়ে যাওয়া হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বাংলামোটর ট্রাফিক বক্সের সামনে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম মো. শওকত আলী।
ট্রাফিক পুলিশের তথ্য অনুযায়ী, সিগন্যাল এলাকায় এক নারীর গলার চেইন টান দেওয়ার অভিযোগ ওঠার পর আশপাশের লোকজন অভিযুক্তকে ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে নিকটস্থ ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে যান।
প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করার পর আটক ব্যক্তিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রমনা থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে রমনা মডেল থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুমন জানান, বাংলামোটর এলাকা থেকে আটক ব্যক্তিকে থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়ে যাচাই-বাছাই চলছে। তার বিরুদ্ধে মামলা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।