বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হঠাৎ খিলগাঁও কার্যালয়ে প্রশাসক, অনুপস্থিত কর্মকর্তাদের শোকজের নির্দেশ ঢাকা ছাড়লেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ রামপুরায় ২৮ হত্যা: রেদোয়ানুলসহ চারজনের মামলায় সাক্ষ্যগ্রহণ ১৬ সেপ্টেম্বর অসুস্থ বিদ্যুৎ মন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল স্থানীয় নির্বাচন সামনে রেখে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ভোটার এলাকা পরিবর্তনের সুযোগ শফিকুর রহমান: ‘কোনো বাতিলের সঙ্গে আপস নয়, আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করব না’ নেপালের বন্যার পানিতে ভেসে ভারতে বড় মাছ, খাওয়া-বিক্রিতে সতর্কতা ‘ঘুষ.সাইট’ বানানো শাহেদের খোঁজ নিল প্রধানমন্ত্রীর কার্যালয় রেমিট্যান্সে ১৯ শতাংশ প্রবৃদ্ধি, দুই মাসে রফতানি বেড়েছে ৫.৪৩% মেয়ের পড়ার খরচ জোগাতে খালি পায়ে ম্যারাথনে ছুটলেন ৪৭ বছরের মা

‘ঘুষ.সাইট’ বানানো শাহেদের খোঁজ নিল প্রধানমন্ত্রীর কার্যালয়

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
ঘুষের অভিযোগ জানাতে ‘ঘুষ.সাইট’ নামে ওয়েবসাইট তৈরি করে আলোচনায় আসা ১৭ বছর বয়সী শিক্ষার্থী শাহেদ শরীফ আহমেদের উদ্যোগ এবার নজর কেড়েছে সরকারের। তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং এ উদ্যোগে সরকারি সহায়তার প্রয়োজন রয়েছে কি না, তা জানতে শাহেদের সঙ্গে কথা বলেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাকে নিজের কার্যালয়ে ডেকে নিয়ে এ বিষয়ে আলোচনা করেন সিটি প্রশাসক। একই সঙ্গে শাহেদের উদ্যোগ সম্পর্কে প্রধানমন্ত্রীর কার্যালয়েও তথ্য পাঠানোর কথা জানিয়েছেন তিনি।

গত ২১ আগস্ট প্রয়াত মায়ের পেনশনের অর্থ তুলতে গিয়ে বিভিন্ন পর্যায়ে ঘুষ চাওয়ার অভিযোগের প্রতিবাদ হিসেবে ‘ঘুষ.সাইট’ তৈরি করেন শাহেদ। এরপর থেকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ওই ওয়েবসাইটে ঘুষ চাওয়ার অভিযোগ জানাতে শুরু করেন।

মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত ওয়েবসাইটটিতে ১১ হাজার ৬৬৬টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে ঘুষ হিসেবে দাবি করা অর্থের মোট পরিমাণ ৩৫৭ কোটি ২ লাখ টাকা বলে ওয়েবসাইটের তথ্য থেকে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও যোগাযোগ

শাহেদের উদ্যোগ নিয়ে সোমবার গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি তাকে পাঠিয়েছেন বলে জানান সিটি প্রশাসক রুকুনোজ্জামান।

এরপর মঙ্গলবার শাহেদের সঙ্গে সাক্ষাৎ করে তার উদ্যোগ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারের পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা প্রয়োজন হতে পারে—এসব বিষয়ে কথা বলেন তিনি।

সিটি প্রশাসক বলেন, শাহেদের বক্তব্য ও ‘ঘুষ.সাইট’ নিয়ে তার পরিকল্পনা প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কোনো বিশেষ নির্দেশনা আসেনি।

তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট পর্যায়ে পাঠানোর পর সরকারের কর্মকর্তারা শাহেদের সঙ্গে কথা বলতে পারেন। প্রয়োজন হলে সরকারি গবেষণা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কোনো সংস্থাকেও তার উদ্যোগের সঙ্গে যুক্ত করা হতে পারে।

শাহেদের উদ্যোগের প্রশংসা করে রুকুনোজ্জামান বলেন, রাষ্ট্র ও সমাজের জন্য কাজ করতে চাওয়া তরুণদের উৎসাহ দেওয়া প্রয়োজন। তার ভাষ্য, শাহেদের মধ্যে এমন কাজ করার আগ্রহ ও উদ্যম দেখা গেছে। দেশের জেন-জি প্রজন্মের আরও অনেক তরুণ-তরুণী মানুষের জন্য কাজ করতে আগ্রহী।

পড়াশোনার পাশাপাশি উদ্যোগ চালাতে হিমশিম

সিটি প্রশাসকের সঙ্গে বৈঠকের পর শাহেদ শরীফ আহমেদ জানান, ‘ঘুষ.সাইট’-এর ভবিষ্যৎ পরিকল্পনা এবং সরকারের সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, সরকারের কাছ থেকে যেকোনো ধরনের সহযোগিতা পেলে উদ্যোগটি এগিয়ে নেওয়া তার জন্য সহজ হবে। কারণ তিনি এখনো শিক্ষার্থী এবং একই সঙ্গে পড়াশোনা ও ওয়েবসাইট পরিচালনার কাজ চালিয়ে যেতে গিয়ে চাপ অনুভব করছেন।

শাহেদের মতে, কাজের চাপ কিছুটা কমাতে সরকারি পর্যায়ের সহায়তা বা স্বীকৃতি পাওয়া গেলে তার পক্ষে উদ্যোগটি চালিয়ে যাওয়া সহজ হবে। এতে লেখাপড়ার ওপরও চাপ কমবে।

শাহেদ আরও জানান, সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব পর্যায়ের একজন কর্মকর্তা তার সঙ্গে ফোনে যোগাযোগ করেন। ‘ঘুষ.সাইট’ নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা, উদ্যোগটি কীভাবে এগিয়ে নিতে চান এবং তার মায়ের পেনশনের বিষয়েও জানতে চাওয়া হয়।

মায়ের পেনশন নিয়ে তদন্ত

এদিকে শাহেদের মায়ের মৃত্যুর পর সরকারি পাওনা পেতে ঘুষ চাওয়ার অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে ময়মনসিংহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।

সোমবার সন্ধ্যায় এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান করা হয়েছে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিকদার মোহাম্মদ হারুন অর রশীদকে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার তরফদার এবং মো. সাদ্দাম হোসেন।

তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটির প্রধান জানান, ‘ঘুষ.সাইট’ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনসহ সার্বিক বিষয় তদন্ত করে দেখা হবে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মঙ্গলবার চিঠিও দেওয়া হয়েছে।

আগামী বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে তদন্ত শুরু হওয়ার কথা রয়েছে।

কী অভিযোগে তদন্ত?

তদন্ত কমিটির নোটিশে বলা হয়েছে, ময়মনসিংহ সদর উপজেলার আজমতপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমেনা খাতুনের মৃত্যুর পর তার স্বামী মো. শরীফুল ইসলাম কেন যৌথ বিমা, কল্যাণ ভাতা এবং দাফন-কাফনের অনুদান পাননি—তা খতিয়ে দেখা হবে।

এ ছাড়া এসব বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে কেন অবহিত করা হয়নি, সে বিষয়েও তদন্ত হবে।

সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নথিপত্র, সাক্ষ্য ও প্রমাণসহ নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

শাহেদের তৈরি একটি ওয়েবসাইটকে ঘিরে শুরু হওয়া এই উদ্যোগ এখন শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনাতেই সীমাবদ্ধ নেই। সরকারি পর্যায়েও বিষয়টি নজরে আসায় ‘ঘুষ.সাইট’ ও এর ভবিষ্যৎ কার্যক্রম কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৬ পূর্বাহ্ণ
  • ১২:০২ অপরাহ্ণ
  • ১৬:২৯ অপরাহ্ণ
  • ১৮:২০ অপরাহ্ণ
  • ১৯:৩৫ অপরাহ্ণ
  • ৫:৩৯ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102