২৪ জুলাই ঢাকার মঞ্চ মাতাতে আসছেন আতিফ আসলাম

বিনোদন ডেস্ক:
বিভিন্ন গুঞ্জন, অনিশ্চয়তা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিশ্চিত হলো পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের ঢাকা কনসার্ট। নির্ধারিত সূচি অনুযায়ী ২৪ জুলাই রাজধানীর পূর্বাচল ক্রিকেটার্স একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই মেগা কনসার্ট। এর আগে বুধবার (২২ জুলাই) ঢাকায় পৌঁছাবেন দক্ষিণ এশিয়ার এই জনপ্রিয় কণ্ঠশিল্পী।

কনসার্ট ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠান স্থগিত কিংবা বাতিল হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রশাসনিক অনুমতি এবং ভেন্যুর প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। ফলে নির্ধারিত তারিখেই কনসার্ট অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আয়োজকদের একজন প্রতিনিধি বলেন, আতিফ আসলাম শুধু একজন শিল্পী নন, তিনি কোটি মানুষের আবেগের নাম। তার ভাষায়,
“আতিফ আসলাম অবশ্যই আসছেন। ইনশাআল্লাহ ২৪ জুলাই সবাই একসঙ্গে তার লাইভ পারফরম্যান্স উপভোগ করব। এবার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং আমরা আত্মবিশ্বাসী যে অনুষ্ঠান সফলভাবেই অনুষ্ঠিত হবে।”

গত বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরে আয়োজকরা জানান, সে সময় বড় আকারের একটি কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হওয়ায় তাদের নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার শুরু থেকেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

তাদের ভাষ্য,
“গতবারের পরিস্থিতি আমাদের জন্য খুবই কঠিন ছিল। এবার দীর্ঘ পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে সবকিছু গুছিয়ে নেওয়া হয়েছে। বুধবার আতিফ আসলাম ঢাকায় পৌঁছাবেন এবং আমরা আশা করছি আর কোনো ধরনের সমস্যা হবে না।”

আয়োজকরা আরও জানান, আতিফ আসলাম ঢাকায় পৌঁছানোর পর তার উপস্থিতিতে একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে গণমাধ্যমকর্মীদের জন্য কনসার্ট কাভারেজ, প্রবেশব্যবস্থা, ফটোগ্রাফি ও ভিডিও ধারণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ঢাকার দর্শকদের সামনে সরাসরি গান শোনাতে আসছেন আতিফ আসলাম। ফলে তার জনপ্রিয় গানগুলো লাইভ শোনার অপেক্ষায় থাকা ভক্তদের মধ্যে কনসার্ট ঘিরে উৎসাহ-উদ্দীপনা এখন তুঙ্গে।