‘জুলাইয়ের চেতনা ১৮ কোটি মানুষের বিজয়, স্বৈরশাসনের অবসানেই হয়েছিল গণঅভ্যুত্থান’— শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক |

জুলাই গণঅভ্যুত্থান কেবল কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ ছিল না; বরং গত ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটানোর লক্ষ্যেই মানুষ রাজপথে নেমেছিল বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

বুধবার (৫ আগস্ট) ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত ‘জুলাই বিজয় র‌্যালি’ পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শামা ওবায়েদ বলেন, জুলাইয়ের এই অর্জন কোনো ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়; এটি বাংলাদেশের ১৮ কোটি মানুষের সম্মিলিত সংগ্রাম ও বিজয়ের প্রতীক। দেশের মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ উন্মুক্ত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন, গণতান্ত্রিক অগ্রগতি এবং জাতীয় ঐক্যকে আরও সুসংহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি নাগরিককে সঙ্গে নিয়ে একটি সমৃদ্ধ ও স্থিতিশীল বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য বলেও তিনি জানান।

জনসভায় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ

সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রেখে গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।