মোঃ বাবুল হোসাইন ,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালে আহমেদ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানরা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভায় শুরুতেই বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্যে মাদক বিস্তার, গরু চুরি, গোলাবাড়ি এলাকায় যানজট, ভ্রাম্যমাণ দোকানের বিশৃঙ্খলা এবং চাঁদাবাজির অভিযোগকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়। সবাইয়ের বক্তব্য মনোযোগ দিয়ে শোনার পর ইউএনও সালে আহমেদ বলেন, “আপনাদের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে যে মাদকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা বর্তমানে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয়। এসব সমস্যা সমাধানে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।” এ সময় নবনিযুক্ত ওসি সেরাজুল ইসলাম বলেন, “সমস্যার জন্য শুধু পুলিশকে দায়ী না করে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা সম্মিলিতভাবে কাজ করলে এসব সমস্যা থেকে উত্তরণ সম্ভব। এ জন্য ওয়ার্কশপ, নিয়মিত সভা ও বিভিন্ন কমিটি গঠন করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সুশীল সমাজকে সম্পৃক্ত করা জরুরি।” তিনি আরও বলেন, “আপনারা সহযোগিতা করলে আমরা আরও ভালোভাবে কাজ করতে পারব। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।