জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রেফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. তাসনীম সিদ্দিকীর নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (৪ আগস্ট) জাতীয় সংসদে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, দেশের মানুষের জনপ্রতিনিধিত্ব করার জন্য সংসদে এসেছি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়িত্ব অপরিসীম। তিনি বলেন, হাওর অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে এবং তাদের জীবিকার সংকট কাটাতে প্রচুর পরিমাণ গবেষণা প্রয়োজন। আর এই গবেষণালব্ধ জ্ঞান আমাদের কাজে লাগাতে হবে। বৈঠকে বৈশ্বিক পরিসরে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে ‘সংসদীয় ককাস’ গঠন নিয়ে আলোচনা করেন তারা। এছাড়া কপ সম্মেলনের সংসদীয় ফোরামে জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের মতো দেশগুলোর অবস্থান জোরালোভাবে তুলে ধরার বিষয়ে তারা একমত হন। এসময় জলবায়ু পরিবর্তনের ফলে দেশের অভ্যন্তরে মাইগ্রেশন (স্থানান্তর) এবং বাস্তুচ্যুত মানুষদের নিয়ে প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন ভারপ্রাপ্ত স্পিকার। তিনি অভিমত ব্যক্ত করে বলেন, জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের জীবন ও জীবিকার ব্যাপক পরিবর্তন ঘটছে, যার ফলে ধীরে ধীরে সামাজিক ও পারিবারিক বন্ধনও দুর্বল হয়ে যাচ্ছে। প্রসঙ্গত, রামরু বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় গবেষণা প্রতিষ্ঠান ও থিংক ট্যাংক, যা অভিবাসন, শরণার্থী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুতি নিয়ে কাজ করে। ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি প্রতিষ্ঠিত হয়। অভিবাসনের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও নীতি নির্ধারণে সহায়তা প্রদান, অভিবাসী শ্রমিক, শরণার্থী, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিয়ে গবেষণা ও নীতি প্রণয়নে সহায়তা করা প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।