বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
উন্নয়নের অধিকার নিশ্চিতে বিশ্বকে সম্মিলিত পদক্ষেপের আহ্বান শামা ওবায়েদের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে শি জিনপিং, বললেন ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হওয়া উচিত’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত, ছয় নদীবন্দরে ঝড়-বৃষ্টির সতর্কতা বৃষ্টি কমে ২৭ সেপ্টেম্বর থেকে বাড়তে পারে তাপমাত্রা ষষ্ঠ শ্রেণিতে এবার ‘তৃতীয় ভাষা’, যুক্ত হচ্ছে কারিগরি ও আনন্দময় শিক্ষাও ডেঙ্গুতে একদিনে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৮ খাওয়ার এক ঘণ্টা পরই আবার ক্ষুধা? যে কারণগুলো দায়ী হতে পারে শুধু প্রশ্নের উত্তর নয়, এবার আইফোনে কাজও করবে সিরি

সমুদ্রপাড় থেকে সাইকেলে এভারেস্ট বেজ ক্যাম্পে কাপ্তাইয়ের বীর কুমার

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের সমুদ্রপাড় থেকে সাইকেলে যাত্রা শুরু করে নেপালের এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছেছেন রাঙামাটির কাপ্তাইয়ের অভিযাত্রী ও সাইক্লিস্ট বীর কুমার তনচংগ্যা। ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছান তিনি। তার দাবি, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থলপথে সাইকেলে এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছানো প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট তিনি।

‘সি টু হিমালয়াস এক্সপেডিশন ফর অ্যাওয়ারনেস’ নামে এ অভিযানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল কক্সবাজারের কবিতা চত্বর বিচ থেকে। গত ১৬ আগস্ট সকাল ৮টা ৩৯ মিনিটে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের মধ্য দিয়ে অভিযানের সূচনা করেন বীর কুমার।

এরপর সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দিয়ে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। ভারতের শিলিগুড়ি হয়ে নেপালে পৌঁছে শুরু করেন হিমালয়ের দুর্গম পাহাড়ি পথের চ্যালেঞ্জিং যাত্রা।

ঝুঁকিপূর্ণ পাহাড়ি পথ পেরিয়ে গন্তব্যে

অভিযানের শুরু থেকেই প্রতিদিনের যাত্রার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন বীর কুমার। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে কখনো ভারী বৃষ্টি, কখনো ঝড় এবং কখনো দুর্গম ও খাড়া পাহাড়ি ট্রেইলের মুখোমুখি হতে হয়েছে তাকে।

প্রতিকূল আবহাওয়া ও শারীরিক-মানসিক চাপ সত্ত্বেও লক্ষ্য থেকে সরে আসেননি তিনি। এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছানোর আগে কয়েক দিনের ব্যবধানে হিমালয়ের দুটি দুর্গম চূড়া ও একটি গুরুত্বপূর্ণ গিরিপথও অতিক্রম করেন।

১৮ সেপ্টেম্বর ৫ হাজার ৮৩ মিটার উচ্চতার নাংকার্তশাং পিকের চূড়ায় ওঠেন বীর কুমার। সেদিন বিকেল ৪টা ৩৫ মিনিটে চূড়ায় পৌঁছান তিনি।

এর পরদিন ১৯ সেপ্টেম্বর ৫ হাজার ৫৫০ মিটার উচ্চতার ছুকুং রি পিক জয় করেন। বিকেল ৪টা ৫১ মিনিটে চূড়ায় পৌঁছান তিনি।

এরপর ২১ সেপ্টেম্বর ৫ হাজার ৫৩৫ মিটার উচ্চতার কংমা লা পাস অতিক্রম করেন। সেদিন দুপুর ১টা ৫৩ মিনিটে গিরিপথটিতে পৌঁছান তিনি। পরদিনই ছিল তার অভিযানের অন্যতম প্রধান গন্তব্য এভারেস্ট বেজ ক্যাম্প।

শুধু সাইক্লিং নয়, সচেতনতার বার্তাও

বীর কুমারের এই অভিযানের উদ্দেশ্য শুধু হিমালয়ের দুর্গম পথ অতিক্রম করা নয়। রক্তদান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে সচেতনতা তৈরি করাও ছিল অভিযানের অন্যতম লক্ষ্য।

এর পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশের অ্যাডভেঞ্চার পর্যটনের সম্ভাবনার কথা বিশ্ববাসীর সামনে তুলে ধরার লক্ষ্যও ছিল তার।

বীর কুমার বলেন, অভিযানের প্রতিটি ধাপেই নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। দীর্ঘ পথ, বৈরী আবহাওয়া, দুর্গম পাহাড়ি ট্রেইল এবং শারীরিক ও মানসিক চাপ সামলে এগিয়ে যেতে হয়েছে। তবে দেশের মানুষের শুভকামনা, ভালোবাসা ও সহযোগিতা তাকে সাহস জুগিয়েছে।

এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছানোর পর তিনি বলেন, এই অর্জন শুধু তার একার নয়। পুরো অভিযাত্রায় যারা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। নির্ধারিত লক্ষ্যগুলো পূরণ করে বাংলাদেশের লাল-সবুজ পতাকা নিয়ে নিরাপদে দেশে ফিরতে চান তিনি।

৬৪ জেলা থেকে হিমালয়

সাইকেলে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা বীর কুমারের নতুন নয়। এর আগে সাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন তিনি। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত দীর্ঘ ক্রস-কান্ট্রি রুটও পাড়ি দিয়েছেন।

এ ছাড়া ভারতের ১০টি রাজ্য ভ্রমণের অভিজ্ঞতাও রয়েছে তার। ২০২৩ সালের ডিসেম্বরে শুরু করা একটি অভিযানে প্রায় ৭১ দিনে ৫ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২০২৪ সালের মার্চে দেশে ফেরেন তিনি।

কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বাসিন্দা বীর কুমার কাপ্তাই ব্লাড ব্যাংক ও ওয়াগ্গা ভলান্টিয়ারের প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান, মানবসেবা, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তিনি।

কক্সবাজারের সমুদ্রপাড় থেকে যাত্রা শুরু করে বাংলাবান্ধা ও শিলিগুড়ি হয়ে নেপালের দুর্গম পাহাড় পেরিয়ে এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছানোর ৩৮ দিনের এই অভিযাত্রা তার দীর্ঘ সাইকেলযাত্রার অভিজ্ঞতায় যুক্ত করল নতুন এক অধ্যায়।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৫ পূর্বাহ্ণ
  • ১৬:১৫ অপরাহ্ণ
  • ১৮:০০ অপরাহ্ণ
  • ১৯:১৪ অপরাহ্ণ
  • ৫:৪৬ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102