খুলনার রূপসা উপজেলার এলাহিপুর এলাকায় মো. বাপ্পি ওরফে ‘কলম বাপ্পি’ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সকালে মোমিনবাগ ফ্রেশ ফুডসের পেছনের একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বাপ্পি উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের মৃত আকবর শেখের ছেলে।
পুলিশের প্রাথমিক ধারণা, গুলিবিদ্ধ হয়ে বাপ্পির মৃত্যু হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্নও পাওয়া গেছে। নিহতের বিরুদ্ধে ডাকাতি ও হত্যা মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রূপসা থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুস সবুর খান জানান, মোমিনবাগ এলাকায় একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়।
তিনি বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে এবং এ ঘটনায় কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।