তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। পররাষ্ট্র সচিব জানান, তুরস্ক সফরকালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, চীনের উপ-রাষ্ট্রপতি ও উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক নিশ্চিত হয়েছে। আর তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ও ইউএনডিপির প্রশাসকের সঙ্গেও বৈঠকের সূচি রয়েছে। তুরস্ক সফরে বাংলাদেশের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক ইস্যু বিশেষ করে ড্রোন কারখানা ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এগুলো সামরিক সহযোগিতার অংশ। তবে বগুড়ায় ড্রোন কারখানা বা নির্দিষ্ট কোনো অর্থনৈতিক অঞ্চল সংক্রান্ত বিষয়ে এখনই সুনির্দিষ্ট কিছু চূড়ান্ত হয়নি, এগুলো পরে নির্ধারিত হবে। প্রধানমন্ত্রীর সফরে ঢাকার বিমানবন্দর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে টার্কিশ কোম্পানি চেলেবির সহযোগিতা নিয়ে আলোচনা হবে কি না- জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এটি কোনো একক দ্বিপাক্ষিক সফর নয়, বরং আন্তর্জাতিক সম্মেলনের একটি সাইডলাইন বৈঠক। তাই সুনির্দিষ্ট বা বড় কোনো বাণিজ্যিক চুক্তির চেয়ে সামগ্রিক দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামী মঙ্গলবার (১০ নভেম্বর) প্রধানমন্ত্রী তুরস্ক সফরে যাবেন। ১২ নভেম্বর তিনি কপে বক্তব্য দেবেন। উল্লেখ্য, আগামী ১১-১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠেয় বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।