রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিএনপির সংসদীয় দলের সদস্যদের প্রতি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনের আগের দিন বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের বৈঠকে তিনি এ আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বিদায়ী বক্তব্য দেন সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং দলের নেতাকর্মী ও সংসদ সদস্যদের কাছে দোয়া চান। পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে তাকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত একাধিক সংসদ সদস্যের ভাষ্য অনুযায়ী, মির্জা ফখরুলের বক্তব্যের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাষ্ট্র পরিচালনায় জবাবদিহির গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, দেশে গণতন্ত্রের পথচলা অব্যাহত থাকলে রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহি প্রতিষ্ঠা করা সম্ভব হবে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জবাবদিহির কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করে তারেক রহমান বলেন, দলের দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে দলের কঠিন সময়ে সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং নানা প্রতিকূলতার মধ্যেও দলকে নেতৃত্ব দিয়েছেন।
তারেক রহমান বলেন, মির্জা ফখরুলকে রাজনৈতিক জীবনে কারাবাসসহ নানা পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সেই সময় দলের অনেক নেতাকর্মী কঠিন সময় পার করেছেন বলেও তিনি উল্লেখ করেন।
রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিজয়ী করতে দলের সংসদ সদস্যদের ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। একই সঙ্গে দলের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান ও এ জেড এম জাহিদ হোসেনসহ দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সংসদ ভবনের সভাকক্ষে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার কারণে ভোটাভুটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতসহ ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ।
রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি পদে সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। সেবার বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে পরাজিত করে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।