‘শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসার প্রশাসনিক কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মো আঃ বাতেনের সভাপতিত্বে ও ড.মো. আকমাল হোসেনের সঞ্চালনায় অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা মোঃ আঃ বাতেন বলেন, “ শিক্ষকদের হাতেই গড়ে উঠে জাতির ভবিষ্যৎ। তাই তাদের মর্যাদা রক্ষা ও দক্ষতা উন্নয়নে সবাইকে কাজ করতে হবে। প্রযুক্তি নির্ভর যুগে শিক্ষকদের দায়িত্ব আরও বেড়েছে। তাই শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিকতায় গড়ে তুলতে শিক্ষকদের একযোগে কাজ করতে হবে। ” আলোচনা সভা বক্তারা বলেন“ শিক্ষকরা হলো একটি দেশের জ্ঞান, সংস্কৃতি ও উন্নয়নের প্রধান চালিকা শক্তি। শিক্ষকরা কেবল পাঠদান করেন না, বরং নতুন প্রজন্মকে নীতি নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, আলোকিত, দায়িত্বশীল এবং সৃজনশীল নাগরিক হিসাবে গড়ে তোলেন। তাই শিক্ষকদের মান মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসতে হবে।” এ সময় উপস্থিত ছিলেন দিশবন্দী হাতিশাল দ্বি-মুখী ফাযিল (স্নাতক) মাদ্রাসার উপাধ্যক্ষ মো.রশিদুল ইসলাম, সহকারী অধ্যাপক, প্রভাষক, সহকারী শিক্ষক ও মৌলভী, কর্মচারী, শিক্ষার্থী ও সাংবাদিকরা। উল্লেখ্য, ইউনেস্কোর উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। শিক্ষকদের অবদান, অধিকার ও পেশাগত মর্যাদার বিষয়ে সচেতনতা তৈরিই দিবসটির অন্যতম উদ্দেশ্য।