দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক কৌশল ও দলীয় প্রস্তুতি নিয়ে বৈঠক করেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। বৈঠকে রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করার পূর্ণ দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে আলোচনা শেষ হয়।
দলীয় সূত্র জানায়, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও সরকারের উন্নয়ন কার্যক্রম, স্থানীয় সরকার নির্বাচন এবং দলের সাংগঠনিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে রাষ্ট্রপতি নির্বাচন ও সম্ভাব্য প্রার্থী নির্ধারণই ছিল আলোচনার মূল বিষয়।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, নতুন রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী নির্ধারণের দায়িত্ব স্থায়ী কমিটি সর্বসম্মতিক্রমে দলের চেয়ারম্যানের ওপর অর্পণ করেছে।
স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান আইন অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার এবং ৯০ দিনের মধ্যেই রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রস্তুতির কথা জানিয়েছে। তফসিল ঘোষণার পর দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে কে মনোনয়ন পাবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের চেয়ারম্যান।
তিনি আরও বলেন, যদি রাষ্ট্রপতি নির্বাচনে একমাত্র বৈধ প্রার্থী থাকেন, তাহলে ভোটগ্রহণের প্রয়োজন হবে না। তবে একাধিক প্রার্থী থাকলে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে চলছে।
বৈঠকে সরকারের অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদের সম্ভাব্য বাংলাদেশ সফর ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়।
বৈঠকে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ডা. এজেড এম জাহিদ হোসেন, সেলিমা রহমানসহ স্থায়ী কমিটির সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রের মতে, নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করার পরই বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম প্রকাশ করা হবে।