সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের কথিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের নেতৃত্বে মিছিলটি পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র পদপ্রার্থী হুমায়ুন কবির। বক্তব্যে তিনি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ পুনরায় রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তিনি আরও বলেন, নিষিদ্ধ সংগঠনের নামে কেউ সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি তাঁদের অভিভাবকদেরও সন্তানদের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনিচুর রহমান, মদনপুরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির মৃধা, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আলী রিপন এবং সাবেক উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিরোন জোমাদ্দারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।