নিজস্ব প্রতিবেদক:
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য অ্যাডভোকেট তৌফিক নেওয়াজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
বুধবার (১৯ আগস্ট) এক শোকবার্তায় টিআইবি জানায়, অ্যাডভোকেট তৌফিক নেওয়াজের মৃত্যুতে সংস্থার বোর্ড অব ট্রাস্টিজ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং টিআইবির বিভিন্ন সহযোগী প্ল্যাটফর্মের সদস্যরা গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় তৌফিক নেওয়াজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংস্থাটি।
টিআইবির অনুপ্রেরণায় দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস), অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এবং সংস্থাটির সদস্যদের পক্ষ থেকেও তার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে।
গত ১৮ আগস্ট রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ।
দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভারসংক্রান্ত জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। তার মৃত্যুতে টিআইবি পরিবারের পাশাপাশি বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।