নিজস্ব প্রতিবেদক:
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরের দিকে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ নিয়ে জাতীয় সংসদ ভবনে পৌঁছাবেন ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে সহায়ক কর্মকর্তারা।
বুধবার এ তথ্য জানিয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনায় ২০ জন সহায়ক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। তারা বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সোয়া ১২টার মধ্যে জাতীয় সংসদে পৌঁছানোর পরিকল্পনা করেছেন।
তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব পালনকারী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন কিছুটা পরে সংসদ ভবনে যাবেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও ভোটের প্রস্তুতি শেষ হওয়ার পর দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হবে।
ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এরপর ভোট গণনা করা হবে এবং নির্বাচনী কর্তা সংসদ ভবনেই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন।
ফল ঘোষণার পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু করবে বলে জানান ইসি সচিব।
গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি পদ থেকে মো. … পদত্যাগ করার পর পদটি শূন্য ঘোষণা করা হয়। পরে ৬ আগস্ট ওই শূন্য পদে নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলগুলোর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ।
সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বৃহস্পতিবারের ভোটগ্রহণ শেষে গণনার পরই জানা যাবে কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি।