নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথম কর্মদিবসে বঙ্গভবনে গিয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রীয় রীতি ও প্রটোকল অনুযায়ী তাঁকে অভ্যর্থনা জানানো হয়। পরে দেওয়া হয় গার্ড অব অনার।
রাষ্ট্রপতির ব্যক্তিগত কর্মকর্তা ইউনুছ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্ধারিত প্রটোকল মেনেই বঙ্গভবনে রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয়। এরপর গার্ড অব অনারের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বঙ্গভবনে পৌঁছানোর পর রাষ্ট্রপতি হিসেবে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন মির্জা ফখরুল। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব নেওয়ার পর এটাই তাঁর প্রথম নিয়মিত কর্মদিবস।
এর আগে গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে তিনি শপথ গ্রহণ করেন। শপথের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে তাঁর সাংবিধানিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
পরদিন শনিবার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব পালনের কার্যক্রম শুরু করেন নতুন রাষ্ট্রপতি।
এর আগে ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
নির্বাচন, শপথ ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর এবার বঙ্গভবনে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন দেশের নতুন রাষ্ট্রপতি।