নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর যোগ্য কর্মকর্তাদের পরবর্তী পদোন্নতির জন্য গঠিত ‘নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২৩ আগস্ট) সকালে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ পর্ষদের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি জানিয়েছেন।
নির্বাচনী পর্ষদের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন, কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন, উইং কমান্ডার ও স্কোয়াড্রন লিডার পদমর্যাদার যোগ্য কর্মকর্তাদের পরবর্তী ধাপের পদোন্নতির জন্য মূল্যায়ন করা হবে।
সকালে অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী পৌঁছালে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিকতা শুরুর আগে নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমকে এডমিরাল পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী। পরে তাঁকে নতুন পদে দায়িত্ব পাওয়ায় অভিনন্দন জানান তিনি।
এ সময় নৌবাহিনী প্রধান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নৌবাহিনীকে আরও আধুনিক, দক্ষ ও সক্ষম বাহিনীতে রূপান্তরের লক্ষ্যে প্রধানমন্ত্রীর পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনাও কামনা করেন তিনি।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।