পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার শিক্ষা ব্যক্তি থেকে রাষ্ট্রীয় জীবনে ধারণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এক বাণীতে তিনি বলেন, মহানবী (সা.)-এর জীবন ও কর্ম মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশনা। তাঁর আদর্শ অনুসরণ করলেই শান্তি, ন্যায়বিচার ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আগমন মানবসভ্যতার ইতিহাসে এক মহিমান্বিত ঘটনা। তিনি মানুষকে তাওহিদের পথে আহ্বান জানানোর পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা ও মানবিকতার শিক্ষা দিয়েছেন।
তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর জীবন ছিল পবিত্র কুরআনের শিক্ষার বাস্তব প্রতিফলন। সততা, আমানতদারি, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা ও মানুষের কল্যাণে তাঁর ভূমিকা আজও বিশ্ববাসীর জন্য অনুকরণীয়।
তারেক রহমান বলেন, জাতি, বর্ণ, গোত্র ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার শিক্ষা দিয়েছেন মহানবী (সা.)। বিশেষ করে এতিম, দরিদ্র, অসহায় ও সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি দায়িত্বশীল হওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
বর্তমান বিশ্বের যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য ও অসহিষ্ণুতার প্রেক্ষাপটে মহানবী (সা.)-এর শিক্ষা আরও বেশি প্রাসঙ্গিক বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, দায়িত্ববোধ, সহমর্মিতা ও ন্যায়বিচারের চর্চার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
তরুণ প্রজন্মের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, নৈতিকতা, সৃজনশীলতা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে মহানবী (সা.)-এর জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাঁর শিক্ষা তরুণদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, মহানবী (সা.)-এর শিক্ষা শুধু ধর্মীয় জীবনের মধ্যেই সীমাবদ্ধ নয়; মানবিক ও নৈতিক মূল্যবোধ বিকাশেও এর গভীর তাৎপর্য রয়েছে। ব্যক্তি, পরিবার ও সামাজিক জীবনে তাঁর আদর্শ ধারণের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
পবিত্র এই দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান আদর্শ ও সুন্নাহ অনুসরণের তাওফিক যেন সবাই লাভ করেন। একই সঙ্গে বাংলাদেশসহ সমগ্র বিশ্বে শান্তি, ন্যায়, সাম্য, সমৃদ্ধি ও মানবিকতা প্রতিষ্ঠিত হোক—এ কামনা করেন তিনি।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে দেশবাসী এবং বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।