টাঙ্গাইলের বাসাইলে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় হানিফ খান (৩৭) নামে সাময়িক বরখাস্ত হওয়া এক আনসার সদস্য নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হানিফ খান হাবলা উত্তরপাড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ির দিকে ফিরছিলেন হানিফ। পথে একদল দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে সরে যায় হামলাকারীরা।
হামলার পর গুরুতর আহত অবস্থায় হানিফকে উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মো. আতিকুর রহমান জানান, রাতে গুরুতর আহত অবস্থায় হানিফ নামের এক সাময়িক বরখাস্ত আনসার সদস্যকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।