আন্তর্জাতিক মঞ্চ মাতিয়ে এবার দেশীয় ওটিটিতে ‘অ্যানি’

বিনোদন ডেস্ক:

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের সাফল্যের ধারাবাহিকতায় এবার দেশের দর্শকদের সামনে আসতে যাচ্ছে বহুল আলোচিত মিনি সিরিজ ‘অ্যানি’। গুণী নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ নির্মিত এবং নাজিফা তুষি অভিনীত এই সিরিজটি শিগগিরই জনপ্রিয় দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন-এ মুক্তি পাবে।

জার্মানির মর্যাদাপূর্ণ ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এর ‘উইমেন ইন সিরিজ’ বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ও প্রদর্শিত হওয়ার পর এবার দেশীয় মুক্তির প্রস্তুতি সম্পন্ন করেছে ‘অ্যানি’। এ উপলক্ষে বুধবার (২৯ জুলাই) আইস্ক্রিনের প্রধান কার্যালয়ে নির্মাতা ও প্রযোজকদের উপস্থিতিতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ, প্রযোজক এহসানুল হক বাবু, সহ-প্রযোজক শিহাব নূরুন নবীতানভীর হোসেনসহ সিরিজসংশ্লিষ্ট অন্যরা।

দেশীয় দর্শকদের সামনে সিরিজটি নিয়ে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে প্রযোজক এহসানুল হক বাবু বলেন, “সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালের আন্তর্জাতিক যাত্রা শেষে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছে ‘অ্যানি’ পৌঁছে দিতে পারছি। আমরা বিশ্বাস করি, গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ের দিক থেকে এটি দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে।”

সিরিজটিতে কেন্দ্রীয় চরিত্র ‘অ্যানি’-তে অভিনয় করেছেন নাজিফা তুষি। এছাড়া গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে দেখা যাবে ইয়াশ রোহান, সাইমন সাদিক, সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ একঝাঁক তারকাকে।

উল্লেখ্য, গত ৯ জুন জার্মানির কোলন শহরে অনুষ্ঠিত ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল’-এ ‘অ্যানি’র বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। শুধুমাত্র ওয়েব সিরিজকে ঘিরে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো সিরিজ প্রদর্শিত হওয়ার গৌরব অর্জন করে ‘অ্যানি’। আন্তর্জাতিক স্বীকৃতির সেই সাফল্য নিয়েই এবার দেশের দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে আলোচিত এই মিনি সিরিজ।