অচিরেই দিনাজপুর জেলার ঐতিহ্য নিয়ে একটি ‘ ঐতিহ্য উৎসব ‘ করা হবে। উৎসবে দিনাজপুরের সাংস্কৃতিক কর্মকান্ড, দিনাজপুরের খাদ্য ঐতিহ্য, প্রত্নতত্ত্ব, ফল-ফলাদি, ক্রীড়া ইত্যাদি নানান বিষয়ে সম্পৃক্ত করে এই উৎসব অনুষ্ঠিত হবে। এই উৎসবের প্রাথমিক প্রস্তুতি নিয়ে একটি সভা হয়েছে ১৩ নভেম্বর রাতে দৈনিক উত্তর বাংলা কার্যালয়ে। বিশিষ্ট সাংবাদিক, দৈনিক উত্তরবাংলা সম্পাদক মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রত্নতত্ত্ববিদ, ইউল্যাব ইউনিভার্সিটির অধ্যাপক শাহনাজ হুসনে জাহান লীনা। তিনি বলেন দিনাজপুর জেলার অনেক ঐতিহ্য রয়েছে সেগুলো আমরা তুলে ধরতে পারব ঐতিহ্য উৎসবের মাধ্যমে। সমাজের সর্বস্তরের মানুষ প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের সামগ্রিক সহযোগিতা নিয়ে আমরা আগামীতে উৎসবটি করব। এক্ষেত্রে সকলের সহযোগিতার দরকার হবে। শাহনাজ হুসনে জাহান আরো বলেন, আমরা এক সপ্তাহব্যাপী ঐতিহ্যমেলা করব। এক্ষেত্রে দিনাজপুর জাদুঘর সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করা হবে।ঐতিহ্য উৎসব সফল করা হবে সকলের সহযোগিতায়। সভায় উপস্থিত ছিলেন দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আজহারুল আজাদ জুয়েল, লেখক গবেষক আলী ছায়েদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, মিজানুর রহমান ডোফুরা, গোলাম রাব্বানী, মাসুদা খাতুন, মেহেনাজ পারভীন, রিতা হেমরম, মিনতি রানী রায়, চন্দন সরকার প্রমুখ। সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, ঐতিহ্য উৎসবের বিষয়ে আগামী ২১ নভেম্বর একটি প্রেস কনফারেন্স করা হবে এবং একই দিনে ঐতিহ্য উৎসব উদযাপন কমিটি গঠন করা হবে।