রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে বিশেষ চিত্র প্রদর্শনী। শিল্পীদের আঁকা নানা চিত্রকর্মে তুলে ধরা হয়েছে ঢাকার ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য, সংস্কৃতি ও নগরজীবনের বিভিন্ন অনুষঙ্গ।
বৃহস্পতিবার শুরু হওয়া এ প্রদর্শনী আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম প্রদর্শনীর উদ্বোধন করেন। নগর কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, ঢাকা কেবল একটি শহর নয়; এর সঙ্গে জড়িয়ে আছে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির দীর্ঘ পথচলা। শিল্পীদের সৃজনশীলতার মধ্য দিয়ে সেই পুরোনো ঢাকা এবং এর ঐতিহ্য নতুন দৃষ্টিতে মানুষের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, চিত্রকর্মের মাধ্যমে নগরের অতীত ও বর্তমানকে দেখার এই উদ্যোগ ঢাকার সাংস্কৃতিক বৈচিত্র্যকে আরও সমৃদ্ধভাবে তুলে ধরবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক আবদুস সাত্তার এবং চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মো. আজহারুল ইসলাম শেখ।
প্রদর্শনীতে ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, নগরজীবনের দৃশ্য, সাংস্কৃতিক বৈচিত্র্য ও পরিবর্তিত নগরচিত্র শিল্পীদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে উঠে এসেছে। আয়োজকদের আশা, প্রদর্শনীটি ঢাকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে দর্শনার্থীদের নতুন করে আগ্রহী করে তুলবে।