ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার নতুন হাবলিপাড়া ও স্বল্পনোয়াগাঁও এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
স্থানীয়দের ভাষ্য, থেমে থেমে চলা সংঘর্ষে উভয় পক্ষই টর্চলাইটের আলো ব্যবহার করে একে অপরের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করছে। এ সময় দেশীয় অস্ত্র ব্যবহারেরও অভিযোগ পাওয়া গেছে।
তবে সংঘর্ষে আহতদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে স্বল্পনোয়াগাঁও স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে যায় পার্শ্ববর্তী নতুন হাবলিপাড়া এলাকার কিশোর লামিন। সেখানে স্বল্পনোয়াগাঁও গ্রামের কিশোর শুভর সঙ্গে তার কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।
একপর্যায়ে শুভ লামিনকে মারধর করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করেই রাতে দুই এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষ টর্চলাইটের আলো জ্বালিয়ে পরস্পরের দিকে ইট-পাটকেল ছুড়তে থাকে। এতে বেশ কয়েকজন আহত হন।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
তিনি বলেন, পরিস্থিতি শান্ত করতে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।