সারের ডিলারদের চূড়ান্ত নিয়োগের জন্য এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে কৃষি মন্ত্রণালয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত ছড়িয়ে পড়া বিভিন্ন গুজবে বিভ্রান্ত না হতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সার ডিলার নিয়োগের প্রক্রিয়ার অংশ হিসেবে বিভিন্ন জেলা থেকে পাঠানো তালিকা বর্তমানে মন্ত্রণালয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। এ যাচাই প্রক্রিয়া এখনো চলমান রয়েছে।
তবে ডিলারদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়ার বিষয়ে কোনো নির্দিষ্ট তারিখ এখনো ঠিক করা হয়নি বলে স্পষ্ট করেছে কৃষি মন্ত্রণালয়।
এ অবস্থায় সার ডিলার নিয়োগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচারিত তথ্য যাচাই না করে বিশ্বাস না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।