রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুবকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রেলওয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিশ্চিত করেছেন।
তদন্ত কমিটিতে পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পাকশী কমান্ড্যান্টকে রাখা হয়েছে।
এর আগে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়া সদস্যরা হলেন—আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম ও শাহাদত হোসেন।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে আরএনবির চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরাদেশে তাদের সাময়িক বরখাস্ত করা হয়। রাজশাহী রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দপ্তরাদেশে উল্লেখ করা হয়।
রাবি শিক্ষার্থীকে রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিকিট পরীক্ষকের (টিটি) মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশন ঘেরাও করেন। একপর্যায়ে স্টেশনে ভাঙচুরের ঘটনাও ঘটে।
শিক্ষার্থীদের অবরোধের কারণে রাজশাহী থেকে ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ। তবে সোমবার সকাল থেকে রাজশাহী থেকে অন্যান্য রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী বিভিন্ন গন্তব্যের ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে।
এদিকে তদন্ত কমিটি গঠন ও চার রেলকর্মীকে সাময়িক বরখাস্তের বিষয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুমের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।