পঞ্চগড়ে রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার মামলায় পঞ্চগড়-১ আসনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় নাঈমুজ্জামান ভূঁইয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তারে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে বিশেষ দল গঠন করা হয়।
কুইক রেসপন্স টিমসহ পুলিশের একাধিক দল আটোয়ারী, তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে নাঈমুজ্জামান ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি আল আমিন গুম ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার সকালে তাকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পঞ্চগড়ে গণঅভ্যুত্থানে অংশ নেওয়ার পর রিকশাচালক আল আমিন নিখোঁজ হন। পরে তাকে গুম ও হত্যার অভিযোগে তার বাবা মনু মিয়া ২০২৪ সালের ১০ নভেম্বর পঞ্চগড় সদর থানায় মামলা করেন।
মামলায় সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়াসহ ১৯ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার ওসি (তদন্ত) আশীষ কুমার শীল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাঈমুজ্জামান ভূঁইয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।