বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত একটি ই-মেইলের মাধ্যমে ‘গণবোমা’ হামলার হুমকির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। তল্লাশির পর শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে নিয়ম অনুযায়ী তল্লাশি করা হচ্ছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি আইডি থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়।
ই-মেইলে আগামী ৬ অক্টোবর বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়।
হুমকির বিষয়টি জানতে পেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সতর্কতামূলকভাবে ই-মেইলটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠায় এবং প্রয়োজনীয় সহযোগিতা চায়।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের লিখিত বক্তব্যে বলা হয়েছে, অজ্ঞাত উৎস থেকে পাওয়া ই-মেইলটিকে কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এরই মধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তবে হুমকির ঘটনায় আতঙ্কিত হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ রুহুল কবির খান।
তিনি বলেন, এটি সম্ভাব্য কোনো হুমকি নয়। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং বিষয়টি ডিবির সাইবার টিম তদন্ত করছে।
এদিকে মঙ্গলবার নির্ধারিত সময়কে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার রাখার পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি ও গতিবিধির ওপর নজরদারি চালানো হচ্ছে।