ছোটপর্দার পরিচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। অভিনয়ের পাশাপাশি চাকরিও করছেন তিনি। ব্যক্তিগত জীবনের নানা ওঠানামার মধ্যেও নিজের কাজ চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।
কাজের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় প্রভা। সেখানে নিজের কাজ, জীবনযাপন ও বিভিন্ন ব্যক্তিগত অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সম্প্রতি নিজের ফিটনেস ও খাদ্যাভ্যাস নিয়ে কথা বলেছেন প্রভা। শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে বেশ কিছু প্রিয় খাবার ইতোমধ্যে বাদ দিয়েছেন তিনি। তবে একটি অভ্যাস এখনো ছাড়তে পারছেন না—দুধ চা। বরং নিজের চায়ের প্রতি আসক্তির কথা বলতে গিয়ে নিজেকেই ‘চা খোর’ বলে অভিহিত করেছেন অভিনেত্রী।
প্রভা বলেন, ‘আমি মাসের পর মাস ভাত ছাড়া থাকতে পারব। ভর্তা দিয়ে ভাত খাওয়া যদি স্বাস্থ্যকর না হয়, তবে খাব না। এতে আমার কোনো সমস্যা নাই।’
কফির প্রসঙ্গ টেনে অভিনেত্রী জানান, একসময় কফি ছিল তার অন্যতম পছন্দের পানীয়। তিনি বলেন, ‘ভাত-রুটি, কুকিজ, কফি। আমার পছন্দের একটা জিনিস ছিল—কফি। কফি ছাড়া আমার ঘুম ভাঙত না। মাইগ্রেনের জন্য আমি সেই কফিও ছেড়ে দিয়েছি।’
চিপসের প্রতিও তার বেশ আগ্রহ ছিল বলে জানান প্রভা। তার ভাষায়, ‘আমার চিপস খেতে খুব ভালো লাগত। যেকোনো আজাইরা টাইমে চিপস খাই। মাইগ্রেনের অনুঘটক হিসেবে কাজ করে ফ্রাইড ফুড।’
তবে অনেক খাবার ছেড়ে দিলেও দুধ চায়ের অভ্যাস থেকে বের হতে পারছেন না প্রভা। এ নিয়ে আক্ষেপের সুরে তিনি বলেন, ‘আস্তে আস্তে অনেক খাবারই ছেড়ে দিয়েছি। বাধ্য না হলে তেলও খাই না। কিন্তু ঘন করে দিনে তিন-চার কাপ দুধ চা না হলে চলে না। এই আসক্তির কী হবে? এটা কোনোভাবেই ছাড়তে পারছি না। মানে কোনোভাবেই ছাড়তে পারছি না।’
প্রভার এই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা। কেউ তাকে চা ছাড়ার বিভিন্ন উপায় বাতলে দিয়েছেন, আবার কেউ কলা খাওয়ার পরামর্শ দিয়েছেন। অনেকে মজার ছলে মন্তব্য করেছেন, ‘চায়ের নেশা ও প্রেমের নেশা দুটাই এক।’
তবে চায়ের প্রসঙ্গ ছাড়িয়ে প্রভার মানসিক দৃঢ়তারও প্রশংসা করেছেন অনেকে। জহিরুল ইসলাম নামে একজন মন্তব্য করেন, ‘আপনার মানসিক শক্তি দিয়ে আপনি সবকিছু জয় করতে পারবেন। কারো সমালোচনা আপনাকে আটকাতে পারবে না। এটাই বড় জয়।’
এমন নানা মন্তব্যে প্রভার ভিডিওটির কমেন্ট সেকশন সরব হয়ে উঠেছে।