অভিনয় ও উপস্থাপনা—দুই অঙ্গনেই পরিচিত মুখ মাসুমা রহমান নাবিলা। এবার তাকে দেখা গেল ভিন্ন এক আয়োজনে। হঠাৎ গাড়ি নিয়ে লং ড্রাইভে বের হয়েছেন তিনি। আর সেই যাত্রায় তার সঙ্গী জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম।
তবে এটি নিছক ঘুরতে বের হওয়া নয়। তারকাদের নিয়ে নির্মিত নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’-এর অংশ হিসেবেই নাবিলা ও মিমের এই যাত্রা। অনুষ্ঠানটি নির্মাণ করছে আইডিয়া স্পেস ক্রিয়েটিভ এজেন্সি।
‘লং ড্রাইভ’-এর মূল ভাবনা ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার। অনুষ্ঠানটির প্রযোজনায় আছেন ইশতি আহমেদ।
নির্মাতা সঞ্জয় সমদ্দার জানান, ‘লং ড্রাইভ’ গতানুগতিক সেলিব্রিটি টকশোর মতো নয়। গাড়ির ভেতরে তারকাদের সঙ্গে স্বতঃস্ফূর্ত আড্ডার মধ্য দিয়ে তাদের ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা গল্প তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
তারকাদের সাফল্যের পেছনের পথচলা, প্রথম গাড়ি কেনার স্মৃতি, বর্তমানে ব্যবহৃত গাড়ির অভিজ্ঞতা এবং গাড়িকে ঘিরে নানা ব্যক্তিগত গল্প উঠে আসবে অনুষ্ঠানের বিভিন্ন পর্বে।
নাবিলা ও মিমের পাশাপাশি এই আয়োজনে লং ড্রাইভে অংশ নেবেন তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েলসহ আরও কয়েকজন তারকা।
শুধু তারকাদের আড্ডায় সীমাবদ্ধ থাকছে না অনুষ্ঠানটি। নির্মাতা সঞ্জয় সমদ্দার জানান, সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও ‘লং ড্রাইভ’-এর বিভিন্ন পর্বে রাখা হয়েছে।
তিনি বলেন, তারকাদের ফ্যান মোমেন্টের পাশাপাশি কিছু পর্বে সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ থাকবে। ফলে বিনোদনের পাশাপাশি মানবিক বার্তাও দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
প্রযোজক ইশতি আহমেদ জানিয়েছেন, খুব শিগগিরই ‘লং ড্রাইভ’-এর পর্বগুলো ধাপে ধাপে প্রকাশ করা হবে। দর্শকরা অনুষ্ঠানটি দেখতে পারবেন ‘কনটেন্ট স্পেস’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।
এ ছাড়া স্ট্রিমিং পার্টনার ‘দোয়েল ওটিটি’-তেও দেখা যাবে তারকাদের এই ব্যতিক্রমী লং ড্রাইভের গল্প।