সামাজিক মাধ্যমে ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের আহত অবস্থার ছবি দেখে রীতিমতো চমকে উঠেছেন অনুরাগীরা। ছবিতে ইরফান সাজ্জাদের ডান হাত আর্ম স্লিংয়ে ঝোলানো, কপালে ব্যান্ডেজ এবং মুখে আঘাতের চিহ্ন। পাশে থাকা সাদিয়া আয়মানের মাথাজুড়েও সাদা ব্যান্ডেজ।
দুজনের এমন ক্ষতবিক্ষত অবস্থা দেখে প্রথমে অনেকেই ভেবেছিলেন, হয়তো কোনো দুর্ঘটনা কিংবা অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন তারা। তবে কিছুক্ষণ পরই জানা যায়, বাস্তবের কোনো ঘটনা নয়—পুরোটাই অভিনয়ের অংশ।
নতুন একটি নাটকের শুটিংয়ের প্রয়োজনে এমন আহত চরিত্রে দেখা গেছে এই দুই অভিনয়শিল্পীকে। নাটকটির নাম ‘বিবাহ বিভ্রাট’।
সামাজিক মাধ্যমে ছবিগুলো প্রকাশ করে বিষয়টি নিজেই পরিষ্কার করেছেন ইরফান সাজ্জাদ। ছবির ক্যাপশনে রসিকতা করে তিনি লিখেছেন, ‘কে কাকে মারল? বিবাহ বিভ্রাট। আসছে…’
তার এই ক্যাপশন থেকেই বোঝা যায়, নাটকের গল্পের প্রয়োজনে মারামারির পর আহত অবস্থার লুক নেওয়া হয়েছে তাদের। ফলে বাস্তবে কোনো দুর্ঘটনার ঘটনা ঘটেনি।
ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে দর্শকদের মধ্যেও শুরু হয়েছে নানা রকমের মজার প্রতিক্রিয়া। একজন রসিকতা করে লিখেছেন, ‘মনে হচ্ছে দুজনের মধ্যে ফাটাফাটি যুদ্ধ হয়েছে।’
ইরফান সাজ্জাদ ও সাদিয়া আয়মানের এই নতুন জুটি এবং ‘বিবাহ বিভ্রাট’-এর এমন ব্যতিক্রমী লুক এখন দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। নাটকটি মুক্তি পেলে এই ‘বিবাহের বিভ্রাটের’ আসল গল্প কী, সেটিই দেখার অপেক্ষা।