অভিনয়ে বেশ কিছুদিন ধরেই নিয়মিত দেখা যাচ্ছে না অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। মাঝেমধ্যে নাটক কিংবা অন্য কোনো কাজে পর্দায় হাজির হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। নিয়মিত ছবি ও নানা পোস্টের মাধ্যমে অনুসারীদের সঙ্গে যোগাযোগ রাখেন এই অভিনেত্রী।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি প্রকাশ করেন প্রভা। ছবিগুলো প্রকাশের পরই ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। কারণ, সেখানে তাকে দেখা গেছে বধূর সাজে, যেন বসেছেন বিয়ের আসরে।
ছবিতে সনাতন ধর্মের রীতি অনুযায়ী সাজে দেখা যায় প্রভাকে। লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি এবং হাতে শাঁখা-পলা—বিয়ের সাজে বেশ পরিপাটি ছিলেন তিনি। বাড়ির উঠোনে তৈরি করা হয়েছিল বিয়ের আয়োজন। চারপাশে রঙিন কাগজের সাজসজ্জা, কলাগাছসহ বিয়ের প্রয়োজনীয় নানা উপকরণও ছিল সেখানে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, হঠাৎ এমন সাজে কেন প্রভা?
তবে ছবির ক্যাপশনে সেই রহস্যের কিছুটা ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। তিনি লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’
প্রভার এই বক্তব্য থেকে ধারণা করা যায়, ব্যক্তিগত জীবনের কোনো আয়োজন নয়, বরং অভিনয়ের প্রয়োজনে বধূর সাজ নিয়েছেন তিনি। তবে কোন নাটক, সিনেমা বা অন্য কোনো কনটেন্টের শুটিংয়ে এই লুক—তা অবশ্য জানাননি অভিনেত্রী।
এদিকে সম্প্রতি দুটি সিনেমায় যুক্ত হয়েছেন সাদিয়া জাহান প্রভা। এর মধ্যে একটি সাদেক সিদ্দিকীর নির্মাণে ‘দেনা পাওনা’। সিনেমাটির বেশির ভাগ অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। বাকি অংশের শুটিং চলতি সপ্তাহে হতে পারে বলে জানা গেছে।
অন্য সিনেমাটির নাম ‘দুই পয়সার মানুষ’। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।