চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন পরিচালনায় বাজেটে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়গুলো জানান প্রতিমন্ত্রী।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেলে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে। নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের।
ইসির সঙ্গে আলোচনা শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে বলেও জানান তিনি।
বৈঠকে স্থানীয় সরকার খাতের পাশাপাশি রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, ঢাকার পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে ডেনমার্ক।
সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ সম্পন্ন করতে দেশটির সহায়তা নেওয়া হবে। প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ের এই প্রকল্পে ডেনমার্ক দেবে সাড়ে ৪ হাজার কোটি টাকা।
এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। বাকি প্রায় ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ সরকার। ফলে প্রকল্পটির অর্থায়নে সরকারের ওপর বড় ধরনের চাপ তৈরি হবে না বলে জানান প্রতিমন্ত্রী।
প্রকল্পের তৃতীয় ধাপ বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন প্রায় ৯৫ কোটি লিটার পানি শোধন করার সক্ষমতা তৈরি হবে। এর ফলে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থায় সক্ষমতা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
এদিকে রোহিঙ্গা সংকট মোকাবিলায়ও বাংলাদেশকে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে ডেনমার্ক। এ খাতে দেশটি ১০০ কোটি টাকা সহায়তা দেবে বলে বৈঠকে জানানো হয়।