বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তারেক রহমান। এ সময় তিনি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সকাল থেকেই রাজধানীর জিয়া উদ্যান এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা কর্মসূচিস্থলে জড়ো হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে।
মিছিলকারীদের বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান ও আশপাশের এলাকা। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও দর্শন অনুসরণ করে বিএনপিকে আরও শক্তিশালী ও সংগঠিত করার ওপর গুরুত্ব দেন।
তারা বলেন, দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতের রাজনৈতিক কর্মসূচিতে তৃণমূলের নেতাকর্মীদের আরও সক্রিয় ও সুসংগঠিত হওয়ার আহ্বান জানান তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।