বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যুর ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। নিউইয়র্কের একটি ফেডারেল আদালতের রায়ের পর গত ২১ আগস্ট থেকেই এই নীতি আর কার্যকর নেই। ২৮ আগস্ট হালনাগাদ করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যেও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ওই ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। এই ভিসার মাধ্যমে একজন বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান এবং পরবর্তী সময়ে গ্রিন কার্ডের পথও তৈরি হতে পারে।
তৎকালীন মার্কিন প্রশাসনের যুক্তি ছিল, তালিকাভুক্ত দেশগুলোর কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি বিভিন্ন সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারেন। তাই তাদের আর্থিক সক্ষমতা ও সম্ভাব্য ‘পাবলিক চার্জ’ পরিস্থিতি নিয়ে অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছিল পররাষ্ট্র দপ্তর।
এই স্থগিতাদেশের বিরুদ্ধে মামলা করে ক্যাথলিক লিগ্যাল ইমিগ্রেশন নেটওয়ার্ক (CLINIC) এবং সংশ্লিষ্ট কয়েকজন আবেদনকারী। মামলায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বিবাদী করা হয়।
২১ আগস্ট নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল বিচারক জেনেট ভার্গাস ওই নীতিকে আইনবিরোধী ঘোষণা করে বাতিল করেন। আদালতের মতে, শুধু কোনো নির্দিষ্ট দেশের নাগরিক হওয়ার ভিত্তিতে অভিবাসী ভিসা আটকে দেওয়ার নীতি পররাষ্ট্রমন্ত্রীর আইনগত ক্ষমতার সীমা অতিক্রম করেছে। আদালতের এই রায়ের পর জানুয়ারিতে চালু হওয়া ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা ইস্যু স্থগিত রাখার নীতি কার্যত বাতিল হয়ে যায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরও জানিয়েছে, ২১ আগস্ট থেকে ওই স্থগিতাদেশ আর কার্যকর নেই।
এর ফলে বাংলাদেশসহ তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকদের অভিবাসী ভিসার আবেদন স্বাভাবিক প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে স্থগিতাদেশ প্রত্যাহার মানেই ভিসা স্বয়ংক্রিয়ভাবে অনুমোদন পাওয়া নয়। আবেদনকারীদের অন্যান্য সব ভিসা-সংক্রান্ত যোগ্যতা ও আইনি শর্ত পূরণ করতে হবে।
স্থগিতাদেশ চলার সময় আগে ইস্যু হওয়া ভিসাগুলো বাতিল করা হয়নি। একইভাবে আবেদন করা বা সাক্ষাৎকার দেওয়ার সুযোগও পুরোপুরি বন্ধ ছিল না; মূলত যোগ্যতা যাচাইয়ের পর চূড়ান্তভাবে অভিবাসী ভিসা ইস্যু করার পর্যায়েই ওই স্থগিতাদেশ প্রভাব ফেলেছিল।
বাংলাদেশ ছাড়াও তালিকায় ছিল আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বার্বাডোস, বেলারুশ, বেলিজ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোত দিভোয়ার, কিউবা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়াতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জ্যামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিজ প্রজাতন্ত্র, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, উত্তর মেসিডোনিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রুয়ান্ডা, সেন্ট কিটস ও নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান ও ইয়েমেন। তবে নতুন করে একটি বিষয়ও সামনে এসেছে। ২৬ আগস্ট যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার ও প্রক্রিয়াকরণ সাময়িকভাবে ধীর করার পৃথক উদ্যোগের কথা জানিয়েছে, যা ৭৫ দেশের জানুয়ারির স্থগিতাদেশ থেকে আলাদা বিষয়। ফলে নির্দিষ্ট আবেদনকারীর ক্ষেত্রে সাক্ষাৎকার বা ভিসা ইস্যুর সময়সূচি পরিবর্তিত হতে পারে।