তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের ছেলের ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাষ্ট্রে এক রিয়েল এস্টেট এজেন্টকে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। ক্যালিফোর্নিয়ার আর্ভাইন শহরের বাসিন্দা ওয়ানিং ‘হেদার’ ঝাংকে সাংহাইগামী একটি বিমানে ওঠার ঠিক আগে আটক করা হয়।
যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, ঝাং তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্রে বসবাসরত ছেলে লাই তিং-ইউ ও তাঁর পরিবারের সদস্যদের ওপর নজরদারি চালাচ্ছিলেন। চীনা সরকারের নিবন্ধিত এজেন্ট না হয়েও বিদেশি সরকারের হয়ে অবৈধভাবে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
তদন্তসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ৩৪ বছর বয়সী ঝাং ও তাঁর এক সহযোগী নেভাদা থেকে সিয়াটলে যান। সেখানে তাঁরা প্রেসিডেন্ট লাইয়ের ছেলের বেসামরিক বাসভবনের সামনে থাকা গাড়ি ও লাইসেন্স প্লেটের ছবি তোলেন। একই সঙ্গে পরিবারের সদস্যদের ভিডিও ধারণ করেন বলেও অভিযোগ রয়েছে।
পরে উইচ্যাটের মাধ্যমে সংগৃহীত এসব সংবেদনশীল তথ্য চীনা সরকারি কর্মকর্তাদের কাছে পাঠানো হয় বলে তদন্তকারীরা জানিয়েছেন। ঝাংয়ের আইক্লাউড অ্যাকাউন্টে চীনা ‘হ্যান্ডলার’-এর সঙ্গে কথোপকথনের প্রমাণও পাওয়া গেছে বলে দাবি করেছে এফবিআই।
এ ছাড়া এক প্রতিবেশীর বাড়ির নিরাপত্তা ক্যামেরার ফুটেজেও ঝাংকে সন্দেহজনকভাবে রেকর্ডিং করতে দেখা গেছে বলে তদন্তে উঠে এসেছে।
এফবিআইয়ের স্পেশাল এজেন্টদের ভাষ্য, তাইওয়ানের সঙ্গে সম্ভাব্য কোনো সংঘাতের পরিস্থিতিতে দেশটির প্রেসিডেন্টের ওপর রাজনৈতিক বা কৌশলগত চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে এসব ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছিল বলে তাদের ধারণা।
ঘটনার প্রতিক্রিয়ায় তাইওয়ানের প্রেসিডেন্সিয়াল অফিসের মুখপাত্র কারেন কুও ঘটনাটিকে ‘বর্বর আচরণ’ হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তাইওয়ানের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্র প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সূত্র: এএনআই