দেশজুড়ে মা, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা শক্তিশালী করতে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়কে ২৪ লাখ ডলারের (২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা) চিকিৎসা সরঞ্জাম ও উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। সোমবার (৩১ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এ তথ্য জানায়। পঞ্চগড় জেলা হাসপাতালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের কাছে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবাবিষয়ক প্রশিক্ষণ মডেল হস্তান্তর করেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তর এ সহায়তার মধ্যে রয়েছে নবজাতকের শরীর উষ্ণ রাখার ও শ্বাসপ্রশ্বাসে সহায়তাকারী সরঞ্জাম, গুরুতর অপুষ্টিতে আক্রান্ত শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার উপকরণ। যুক্তরাষ্ট্রের অর্থায়নে ও ইউনিসেফের মাধ্যমে এসব সরঞ্জাম ও উপকরণ দুর্গম এলাকাসহ দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। ঢাকার মার্কিন দূতাবাস আরও জানায়, এ সহায়তা বাস্তবভিত্তিক অংশীদারিত্বের মাধ্যমে স্বাস্থ্যব্যবস্থা সুদৃঢ? করা এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যখাতের উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে। দেশজুড়ে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। এর আগে সকালে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাকবাংলো এলাকাসহ বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন শেষে পঞ্চগড় সার্কিট হাউজে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।