ঢাকায় ছিনতাইকারী কেড়ে নিলো পার্বতীপুরের সোমার প্রাণ

সোহেলী ইসলাম সোমা (৪২) রাজধানী ঢাকায় ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত হওয়ার পর মৃত্যুর কাছে হার মানলেন। সোহেলী ইসলাম সোমা দিনাজপুরের পার্বতীপুর শহরের সাহেবপাড়া রেলওয়ে কলোনির বাসিন্দা ছিলেন। তিনি প্রয়াত মাহাবুবুল ইসলাম বুলবুলের কন্যা। চাকরির সুবাদে ঢাকার ধানমন্ডির সেন্ট্রাল রোড এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং দেশের অন্যতম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস-এ কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ জুন পার্বতীপুর থেকে একটি নাইট কোচে ঢাকার উদ্দেশে রওনা দেন সোমা। পরদিন ৭ জুন ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছে অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে মোটরসাইকেল আরোহী একদল ছিনতাইকারী তার ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে ব্যাগ টানাটানির সময় তিনি রাস্তার পাশের ডিভাইডারে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করেন। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহতের ফুফাতো ভাই সরোয়ার পারভেজ সবুজ জানান, সোমার বাবা-মা বহু বছর আগে মারা গেছেন। তার কোনো ভাই-বোনও ছিল না। দীর্ঘদিন ধরে তিনি একাই পরিবারের দায়িত্ব পালন করে আসছিলেন।তিনি বলেন, সোমার একমাত্র মেয়ে নওমী ইসলাম ঢাকার একটি কলেজে অনার্সে অধ্যয়নরত। মেয়ের পড়াশোনা ও জীবনযাপনের সব ব্যয় বহন করতেন সোমা। তাকে উচ্চশিক্ষিত করে প্রতিষ্ঠিত করার স্বপ্ন ছিল তার।মায়ের আকস্মিক মৃত্যুতে নওমী যেন মুহূর্তেই অভিভাবকহীন হয়ে পড়েছেন। স্বজনদের ভাষ্য, মা-ই ছিল তার সবচেয়ে বড় ভরসা। এখন তার উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।