সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় কার্যক্রম আরও বিস্তৃত করতে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) ঢাকা বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারের টিসিএ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় ৯ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় বিজেপিসি বাংলাদেশের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে আহ্বায়ক করা হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের রাশেদ নিজামকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন স্টার নিউজের মাহদি হাসান এবং সমন্বয়ক হিসেবে রয়েছেন অ্যাডভোকেট তরুন লাল বেগি। পাশাপাশি তিন সদস্যের একটি উপদেষ্টা পর্ষদও গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যদের নাম ও দায়িত্ব পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মতবিনিময় সভায় ঢাকার সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের চাপ ও ঝুঁকির বিষয় গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংবাদিকদের অধিকার সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং রাজধানীতে সংগঠনের কার্যক্রম আরও কার্যকরভাবে সম্প্রসারণের বিষয়ে পরিকল্পনা তুলে ধরা হয়।
সভায় অংশ নেওয়া সাংবাদিকরা জানান, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাদের বিভিন্ন সময় চাপ, হুমকি ও হয়রানির মুখোমুখি হতে হয়। তাদের মতে, গণতান্ত্রিক সমাজে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরি করা জরুরি। পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।
বিজেপিসি বাংলাদেশের সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির বলেন, সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। সাংবাদিকরা যেন ভয়ভীতি, চাপ কিংবা অন্য কোনো বাধা ছাড়াই দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য সাংবাদিকদের ঐক্যবদ্ধ উদ্যোগ জরুরি।
নবগঠিত ঢাকা বিভাগীয় কমিটির নেতারাও সাংবাদিকদের মর্যাদা, নিরাপত্তা ও পেশাগত অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ঢাকার সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কর্মসূচি ও সহায়তামূলক কার্যক্রম পরিচালনার কথাও জানান তারা।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে খুলনা থেকে বিজেপিসির কার্যক্রম শুরু হয়। এরপর সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও অধিকার নিয়ে কাজ করে আসছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ফ্রি প্রেস আনলিমিটেডের অর্থায়নে এবং আর্টিকেল ১৯-এর সহযোগিতায় পরিচালিত এ উদ্যোগের অন্যতম লক্ষ্য হলো সাংবাদিকদের জন্য নিরাপদ ও স্বাধীন কর্মপরিবেশ নিশ্চিত করা। একই সঙ্গে পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা সুরক্ষায় কাজ করছে সংগঠনটি।