গণযোগাযোগ, সাংবাদিকতা ও মিডিয়া-সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাবেকদের নিয়ে নতুন সামাজিক সংগঠন হিসেবে যাত্রা শুরু করেছে এমসিজে ক্লাব লিমিটেড। নিবন্ধনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভাপতি হাসনাইন খুরশেদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাকিব হাসনাত সুমন।
সভায় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন ইলিয়াস খান, শাহনাজ শারমিন রিনভি, শারমিন আখতার, আহমেদ সাগর, মুহাম্মদ জাহিদুল ইসলাম সজল, মহিউদ্দিন নিলয় ও শাকিল হাসান।
ক্লাবের ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা হলেন জাহিদ নেওয়াজ খান জুয়েল, সাইদ ইসলাম, নুরুল করিম ভূইয়া ও শাহেদ আলম।
দেশের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, যোগাযোগ, ব্রডকাস্ট, টেলিভিশন এবং সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করা সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এমসিজে ক্লাবের সদস্য হওয়ার সুযোগ পাবেন।
ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্রহী প্রার্থীদের মধ্য থেকে যোগ্যতা ও নির্ধারিত নীতিমালা অনুসরণ করে শিগগিরই সাধারণ সদস্যপদ দেওয়া হবে।
সম্প্রতি অফিস অব দ্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) কাছ থেকে নিবন্ধন সম্পন্ন করেছে এমসিজে ক্লাব লিমিটেড। এর মধ্য দিয়ে নিবন্ধিত প্রতিষ্ঠান হিসেবে ক্লাবটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় কার্যনির্বাহী কমিটির পরিচালকদের দায়িত্ব বণ্টন নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সাধারণ সদস্যপদ দেওয়ার প্রক্রিয়া এবং সদস্যদের জন্য বিশেষ নম্বর বরাদ্দের নীতিমালাও চূড়ান্ত করা হয়েছে।
সভায় ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ উপকমিটি গঠনের সিদ্ধান্তও নেওয়া হয়।
ক্লাবের পরিচালকরা জানান, ভবিষ্যতে সদস্যদের সঙ্গে করপোরেট খাতের যোগাযোগ আরও বাড়ানো এবং পেশাগত নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সদস্য ও তাঁদের পরিবারের বিনোদন ও সামাজিক সম্পৃক্ততা বাড়াতেও নানা কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।